যে কথা যায়না বলা।

আমরা ভার্সিটির বন্ধুরা মিলে মাঝে মাঝে ট্যুর দিতাম। আমি আজ যা বলব সেটা ট্যুরের বর্ণনা নয়। আমাদের সেইন্ট মার্টিন ট্যুরের খুব ছোট্ট একটি ঘটনাা। ২৬ ডিসেম্বর ২০১৬ ঈসায়ী, সন্ধ্যা ৬টার আশে পাশে। সেইন্ট মার্টিন থেকে জাহাজে করে এসে টেকনাফ নেমেছি। আমাদের ট্যুরে সবসময় একজন ম্যানেজার থাকতো, এবং প্রতিবারই সেটা হতো আমাদের রাজা কাকা (বন্ধু রাজুকে রাজা কাকা বলে ডাকি)। তো জাহাজ থেকে নেমে রাজা কাকা যখন কক্সবাজার আসার লোকাল বাসের খোঁজ করছিলো, তখন আমি তাকে বললাম, 'টাকা পয়সা দুইদিনের, চলো উড়াই মিয়া। আজকে এসি বাসে যাব'। আমার কথা শুনে ম্যানেজার রাজি হয়ে গেলো। অনেক খুঁজে পেতে, কোনো এক নামী পরিবহনের হুন্দাইয়ের এসি বাসের অস্থায়ী যাত্রী হিসেবে কক্সবাজার আসার সুযোগ বাগিয়ে নিলাম, কারণ এটা ছিলো টেকনাফ টু কক্সবাজারের সরাসরি বাস। মাঝে কক্সবাজার থেকে ঢাকার যাত্রী নেয়ার কথা, টেকনাফ থেকে কক্সবাজারের কোন যাত্রী উঠানোর অনুমতি ছিলো না। স্বভাবতই যাত্রীরা খুব বিরক্ত হলো। আমরাও কম যাইনা, বিরক্তির ধার না ধেরে এমন একটা ভাব নিয়ে বাসে উঠলাম, যেন আমরাই আসল যাত্রী, তাঁরাই বরং অনধিকার উঠেছে। আমরা ছিলাম ষোলোজন। বাসের যাত্রা শুরু হলো, একটু পরেই আমি কেমন একটু অসুস্থতা বোধ করা শুরু করলাম (যাত্রাপথের অসুস্থতা যাকে বলে)। বমি ভাব হচ্ছিলো, মাথা ব্যথা, সাথে আরো নানাবিধ যন্ত্রণা। ঠিক সেই মূহুর্তে কে যেন খুব বাজেভাবে বায়ুদূষণ করলো। আমারতো ত্রাহি ত্রাহি অবস্থা, যায় যায় দিন। কী আর করব, কোনোমতে সহ্য করে নিলাম। ঠিক পাঁচ মিনিট পর আবার একই কাণ্ড, কী এক বিশ্রী অবস্থা বলুনতো। এইবার দোয়া করতে লাগলাম, 'হায় পরোয়ারদেগার, এবারের মত সময়টা পার করে দাও'। এই দোয়া যখন করছিলাম, তখন বাসের এক যাত্রী বলে উঠলো, 'হেই মিয়া সুপারভাইজার, দেখেননা কী বিশ্রী গন্ধ আসতাছে, স্প্রে মারেন মিয়া'। বেচারা সুপারভাইজারও না বুঝে এয়ার ফ্রেশনার মেরে দিলো। আর যায় কোথায়! এতক্ষণ যতটুকুই প্রাকৃতিক অত্যাচার ছিলো, এইবার যেন ব্যাপারটা কক্টেল হয়ে গিয়ে সর্বোচ্চ দূর্গন্ধের ক্ষমতা নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পড়লো। কী আর করা, পেটে যা ছিলো সব দিলাম উগড়ে, তাও দরজা-জানালা বন্ধ এসি বাসের ভেতর। পারি না, বাসের জানালা ভেঙে বের হয়ে পড়ি। এইভাবে করতে করতে আধোচেতন অবস্থায় যখন কক্সবাজার এসে পৌঁছলাম তখন এক হৃদয় বিদারক অবস্থা। বাস থেকে নেমেই, পেটের বাকি সম্পদ মুখ দিয়ে ছাড়া শুরু করলাম। এরমধ্যে আমার রাজা কাকা এসে আমার কানে কানে বলল, 'চাচ্চু, চাচ্চু, জানো? দ্বিতীয় পাঁদটা না আমি দিয়েছিলাম'।

Post a Comment

0 Comments